
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মায়ের চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে ডুবে হোজাইফ ইসলাম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাতগড় পুরান পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু হোজাইফ একই এলাকার শফিক আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, বিকেলে মা তার ছেলেকে নিয়ে পাশ্ববর্তী একটি বাড়িতে বেড়াতে যান। বাড়ির ভেতর তারা গল্প করা অবস্থায় ছেলে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। পরে খেলাচ্ছলে শিশুটি পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে মা সহ প্রতিবেশীরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে।
এক পর্যায়ে হোজাইফকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তৈয়ব উল্লাহ পুকুরের পানিতে ডুবে শিশু মারা যাবার সত্যতা নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner