ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মসজিদে যাবার পথে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় যুবক নিহত

লোহাগাড়ায় মসজিদে যাবার পথে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় যুবক নিহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণহারা বাসের চাপায় মসজিদে যাবার পথে জাকির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোয়া ১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনপুকুর কালু সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই এলাকার আবুল ফজল প্রকাশ ভোলা মিয়ার পুত্র ও স্থানীয় রহমানিয়া হেফজখানা এতিমখানা ও একাডেমীর শিক্ষক। ঘটনার প্রতিবাদে প্রায় সাড়ে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জাকির হোসেনকে চাপা দিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা দেয়। ঘটনার সময় জাকির হোসেন বাসের নিচে চাপা পড়ার বিষয়টি কেউ জানতে না। বেলা ২ টার দিকে দূঘটনা কবলিত বাসটি উদ্ধারের সময় বাসের নিয়ে জাকির হোসেন নামে এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হবার পর বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দূর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।

এদিকে, রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী। তারা বিক্ষুদ্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা চট্টগ্রাম-মহাসড়ক প্রশস্তকরণ, এই রুটে মারসা পরিবহণের বাস নিষিদ্ধকরণ, গাড়ির গতি নিয়ন্ত্রণ, দূর্ঘটনা কবলিত বাসের চালককে দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনা ও নিহত জাকির হোসেনের পরিবারকে উপর্যুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দ বিক্ষুদ্ধ জনতার দাবির প্রতি সম্মান জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর বিক্ষুদ্ধ জনতা মহাসড়ক থেকে সরে যান এবং যানবাহন চলাচল শুরু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!