
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১১ জন নিহতের ঘটনায় মো. সোহেল তালুকদার (২৭) নামে পলাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর মিরপুর থানাধীন আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল তালুকদার ঢাকার দক্ষিণ খানের ফরহাদাবাদ এলাকার মো. হানিফের পুত্র।

জানা যায়, গত ২ এপ্রিল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারমুখি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ১০ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরো একজন যাত্রী। ঘটনার পর থেকে রিলাক্স পরিবহনের বাসটির চালক সোহেল পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। অবশেষে র্যাব থাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় হস্তান্তর করতে সক্ষম হন।
এদিকে, গত ৩ এপ্রিল এ ঘটনায় রফিকুল ইসলাম নামে নিহত মাইক্রোবাসের এক যাত্রীর শ্যালক রবিউল হোসাইন বাদী হয়ে দোহাজারী হাইওয়ে থানায় মামলা দায়ের করেন। এতে রিলাক্স পরিবহণের বাসটির চালক সোহেল তালুকদারকে আসামি করা হয়েছিল।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ঢাকার আজিমপুর এলাকা থেকে বাসচালক সোহেল তালুকদারকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে দোহাজারী হাইওয়ে থানায় আনার পর সোমবার (৭ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner