
নিউজ ডেক্স: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের গুলিতে মো. আয়াজ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে খুনিয়াপালংয়ের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমি নিয়ে পিতা মো. আয়াজের সঙ্গে তার ছেলে জোবাইর উদ্দিনের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোবাইর নিজের বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner