
নিউজ ডেক্স : কক্সবাজারে নতুন করে আরও ছয়জনের করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন কক্সবাজারের, একজন বান্দরবানের।
আজ সোমবার (২৭ এপ্রিল ) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২২ জনের মধ্যে এ ছয়জনের পজিটিভ পাওয়া যায়। বাকী ১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘আক্রান্তদের মধ্যে রামু উপজেলার একজন, উখিয়ার দুইজন, মহেশখালীর একজন, চকরিয়ার একজন ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একজন রয়েছে। এ নিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।’

জানা গেছে, সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। তাদের মধ্যে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২ জন, রামুতে ২ জন, উখিয়াতে ১ জন।
উল্লেখ্য, কক্সবাজারে গত ২৭ দিনে ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া যায় যার মধ্যে দুইজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির। দৈনিক আজাদী
Lohagaranews24 Your Trusted News Partner