
নিউজ ডেক্স : চট্টগ্রাম আদালতের পুলিশ হেফাজত থেকে মাসুদ রানা নামে মাদক মামলার এক আসামি পালিয়েছে। মঙ্গলবার দুপুরে ওই আসামিকে কারাগার থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়া হয়েছিল। পলাতক আসামি মাসুদ রানা নোয়াখালী জেলার কবির হাটের ভাটিয়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
বিষয়টি স্বীকার করে নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, প্রায় দেড়মাস আগে পাহাড়তলী শহীদ লেইন থেকে আকবরশাহ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিল মাসুদ। এতদিন সে কারাগারে ছিল। আজ কারাগার থেকে রিমান্ড শুনানির জন্য আদালতে নেয়া হয়েছিল মাসুদকে। দুপুর ২টার দিকে আদালতের ভিড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাসুদ রানা পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Lohagaranews24 Your Trusted News Partner