
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাবেক স্ত্রী ও কন্যার বিরুদ্ধে ভবন দখলচেষ্টা, হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তি।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। মোহাম্মদ ইদ্রিস উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়ার বাসিন্দা এবং গোলাম সোবহানের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার প্রবাসী ছেলে জাহেদুল ইসলাম ২০১৭ সালে তার মা নুর জাহান বেগমের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকায় ২.১২ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে সাড়ে চারতলা ভবন নির্মাণ করা হয়, যা বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে।
তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের জেরে ২০২০ সালে তার স্ত্রী নুর জাহান বেগমের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে এবং এ সংক্রান্ত মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ করা হয়, ওই বিরোধের জের ধরে সাবেক স্ত্রী নুর জাহান বেগম ও মেয়ে ফাতেমা স্থানীয় কিছু বহিরাগত ব্যক্তিদের নিয়ে তার ছেলে জাহেদের মালিকানাধীন ভবন দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২৯ মার্চও একইভাবে ভবন দখলের চেষ্টা, হুমকি প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে, যা তার পরিবারের জন্য মানহানিকর। এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner