ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | গুলির মুখে দাঁড়ানো যুবকরাই আগামীর বাংলাদেশ: লোহাগাড়ায় ডা. শফিকুর রহমান

গুলির মুখে দাঁড়ানো যুবকরাই আগামীর বাংলাদেশ: লোহাগাড়ায় ডা. শফিকুর রহমান

এলনিউজ২৪ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা বুক চিতিয়ে সংগ্রামে নেমে, গুলির মুখে দাঁড়িয়ে জীবন ও অঙ্গহানির ঝুঁকি নিয়ে দেশকে রাজপথে নিয়ে এসেছে এই সাহসী যুবকরাই আগামীর বাংলাদেশ গড়বে, ইনশাআল্লাহ। আমরা এই যুবক-যুবতীদের বেকার ভাতা দিয়ে অপমান করব না। বরং শিক্ষা, প্রশিক্ষণ ও যোগ্যতা অনুযায়ী তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। জুলাই বিপ্লবে দেশের যুবকরা কখনো বলেনি, আমাদের বেকার ভাতা দিতে হবে। মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ চেয়েছেন। আমি নিজেও শাসক হতে চাই না, দেশ গড়ার কারিগর হিসেবে একজন কর্মকর্তা-কর্মচারীর মতো কাজ করতে চাই। কিন্তু এই ন্যায্য দাবিকেই গোমর বাহিনী, হাতুড়ি বাহিনী ও গুলি বাহিনী দিয়ে দমন করতে চাওয়া হয়েছিল। তবে জনগণের প্রতিরোধে সেই দমননীতি ভেঙে চুরমার হয়ে গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছিল, সেদিন সারাদেশে আগুন জ্বলে উঠেছিল। পরদিন সেই আগুন বিস্ফোরণে রূপ নেয়। সেদিন চট্টগ্রামসহ সারাদেশে ছয়জন জুলাই যোদ্ধা জাতির জন্য জীবন উৎসর্গ করেন। বিশেষভাবে স্মরণ করতে হয় শহীদ আবু সাঈদকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্র বুক পেতে বলেছিল ‘আমার অধিকার দাও, না হলে আমাকে গুলি কর’। সে বুক পেতেছিল, পিঠ দেখায়নি। বীরেরা কখনো পালায় না। বীরেরা বিজয়ী হয়, না হয় শাহাদাত বরণ করেন। এই যুবকরা ঘুমিয়ে পড়েনি, তারা জেগে আছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বেকার ভাতা দিয়ে নয়, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেব। সেদিন তারাই বলবে আমিই বাংলাদেশ, এটা আমার বাংলাদেশ।

তিনি আরো বলেন, আবু সাঈদরা আমাদের বলে গেছে, আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ জীবন আমরা দিয়ে গেলাম। আমাদের লাশ তোমাদের কাঁধে, আমাদের রক্ত তোমাদের হাতে। আমাদের রক্তের সঙ্গে বেইমানি করো না। জাতির মুক্তির জন্য যে পরিষ্কার রাজপথে আমরা হেঁটেছি, সেই পথেই চলবে রাজনীতির নোংরা গলি পথে নয়। জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের কাছে আমরা অঙ্গীকার করছি ইনশাআল্লাহ কখনো বেইমানি করব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু জুলাই কাউকে দেব না।

দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় বিশাল জনসভায় বক্তব্যে রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি আনম শামশুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, খেলাফত মজলিস দক্ষিণ জেলা আমীর মাওলানা মাহবুবুর রহমান, লেবার পার্টির দক্ষিণ জেলা সভাপতি ড. মজনু মিয়া, রাঙামাটি জেলা আমীর আবদুল আলিম, বান্দরবান জেলা আমীর আবদুস সালামসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!