
নিউজ ডেক্স : হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে আনোয়ার হোসেন মুন্না (২১) এক যুবক মারা গেছে।
আজ রবিবার (২ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটেছে। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল হামিদ চৌধুরী বাড়ির মো. সামসুল আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না আজ উদালিয়া ২নং ওয়ার্ডের সোনাই এলাকায় তার অন্যান্য সঙ্গী শ্রমিকদের সাথে পাহাড় থেকে মাটি কাটার কাজ করছিল।

মাটি কাটতে গিয়ে পাহাড়ের নীচে গর্ত করে ফেলার কারণে এক সময় উপর থেকে পাহাড় ধসে পড়ে। এতে মুন্না মাটি চাপা পড়ে। তার সাথে থাকা অন্যান্য শ্রমিকরা মাটিচাপা অবস্থা থেকে তাকে উদ্ধার করতে তার এক হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে কাটা হাতটি রেখে মুন্নাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরহাদাবাদ ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশ এমরান চৌধুরী ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner