
নিউজ ডেক্স : বাঁশখালীর সাগর উপকূল খানখানাবাদ এলাকা থেকে গতকাল সোমবার বিকেলে ডাকাতির প্রস্তুতিকালে সাত জলদস্যুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি রামদা, তিনটি কিরিচ ও একটি বল্লম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার ইউনুচের ছেলে মন্নান (৩০), ভোলা জেলার লালমোহন থানা এলাকার আবুল কালামের ছেলে মামুন (২২), আনোয়ারা উপজেলার ছনুয়াপাড়ার মো. কায়সারের ছেলে মিনহাজ (১৮) ও হাসমত আলীর ছেলে মো. ফারুক (২৪), কক্সবাজারের মহেশখালী উপজেলার পুটিভিলা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. নবী আলম (২৫), বাঁশখালীর প্রেমাশিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মো. ফরিদ (৩৫) ও মৃত আবদুল হাকিমের ছেলে আবু ছায়েদ (৫৫)।

বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে খানখানাবাদের সাগরপারে অভিযান চালিয়ে জলদস্যুদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জলদস্যু আইনে মামলা করবে।
Lohagaranews24 Your Trusted News Partner