
নিউজ ডেক্স : একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে তৃতীয় শ্রেণির শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (০৫ মার্চ) সকালে নগরীর জামালখানের এজি চার্চ স্কুলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো স্বপ্নিল (৯), আদনান (১০), অর্ঘ্য (১০) ও ইমতিয়াজ (৯)। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে আদনানের ঘাড় কেটে যায়, অর্ঘ্যের কাঁধে জখম হয় এবং স্বপ্নিল ও ইমতিয়াজ মাথায় হালকা আঘাত পায়।
অভিভাবকরা জানান, এজি চার্চ স্কুলে প্রতিদিনের মতো প্রাতঃসমাবেশ শেষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা যে যার মতো ক্লাসে ঢুকে পড়ে। পরবর্তীতে তৃতীয় শ্রেণির ক্লাসে আকস্মিকভাবে একটি ছাদ থেকে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। এতে তৃতীয় শ্রেণির চার ছাত্র আহত হয়। এরপর অভিভাবকেরা নিজ দায়িত্বে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
স্কুলের প্রধান শিক্ষিকা জেসিন্তা অধিকারী জানান, আকস্মিকভাবে তৃতীয় শ্রেণির কক্ষে সিলিং থেকে খুলে একটি বৈদ্যুতিক পাখা উঁচু বেঞ্চের ওপর পড়ে। তবে এ ঘটনায় শিক্ষার্থী আহতের বিষয়টি অস্বীকার করেন তিনি। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner