
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ থেকে এনামুল হক এনামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া স্টেশনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়ার সভাপতিত্বে ও পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ সোহেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাক শাকিল মোহাম্মদ নয়ন, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম, মোহবারক আহমদ বাবু, খোরশেদ আলম সিকদার ও আমানুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের পক্ষে ভোটকেন্দ্র দখলকারী হিসেবে পরিচিত এনামুল হক এনামকে গত ২১ আগস্ট বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি স্বৈরচার আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সাবেক এমপি আবদুর রহমান বদি, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, এম এ মোতালেব, ছরওয়ার কমলসহ বিভিন্ন নেতার সাথে মেলামেশা করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। তাকে বিদ্যালয়ের সভাপতি মনোনীত করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ও জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এনামুল হকের বিরুদ্ধে জেলা প্রশাসক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সভাপতি জসিম উদ্দিন লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে বক্তারা দ্রুত এনামুল হককে সভাপতির পদ থেকে অপসারণ করে বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত এনামুল হকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner