
নিউজ ডেক্স : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে পুলিশের পোশাক পরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মারুফ আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে সাতক্ষীরা-১ আসনের ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তাকে প্রত্যাহারের দাবিতে অভিযোগ করেন।

বিএনপি প্রার্থীর অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট মনোনীত প্রার্থী মুস্তাফা লুৎফুল্লাহর পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ। তার বক্তব্যের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওসি মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিষোদগার করেন।
চিঠিতে আরও বলা হয়, ‘সরকারি কর্মকর্তা হিসেবে একজন ওসির এ রকম আচরণ গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৭ অনুচ্ছেদ ও নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ বিধিমালা ভঙ্গ হয়েছে।’
চিঠিতে হাবিব জানান, ‘সাতক্ষীরা-১ আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই। কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ এতোদিন ধরে প্রচারণায় বাধা ও বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় তিনি নিজেও এলাকা ছেড়েছেন বলে নির্বাচন কমিশনকে অবহিত করেন।
Lohagaranews24 Your Trusted News Partner