
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় তারের সাথে ধাক্কায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে মোহাম্মদ রিপন (২০) নামে এক তরুণ গুরতর আহত হয়েছেন।
শুক্রবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে উপজেলার আধুনগর ইউনিয়নের রূপবান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন নোয়াখালীর হাতিয়া আদর্শ গ্রামের মাঈন উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন তরুণ রিপন। ঘটনাস্থলে পৌঁছলে রেললাইনের উপর ঝুলে থাকা তারের সাথে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায় সে। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা তাসনিন জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই তরুণ মাথায় প্রচুর আঘাত পেয়েছেন।
স্টেশনের আপে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে চলন্ত অবস্থায় ছিটকে পড়ে এক তরুণ আহত হওয়ার বিষয়টি শুনেছেন বলে জানান লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার লোকমান।
Lohagaranews24 Your Trusted News Partner