
নিউজ ডেক্স: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার হওয়া দেবাশীষ চৌধুরী (৪৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটলেও বিষয়টি বুধবার সকালে প্রকাশ্যে আসে।
কারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অন্য বন্দিদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেবাশীষ। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগ করছিলেন। দেবাশীষ চৌধুরী নগরীর কোতোয়ালি এলাকার একটি আশ্রমে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, অসুস্থ বোধ করার পরপরই দেবাশীষকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা রয়েছে।