
নিউজ ডেক্স : রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় গুদামে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়া এক চোরকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই চোরের নাম মো. ফোরকান (১৯)। সে পারুয়া ইউনিয়নের আবদুল সালামের ছেলে।
শুক্রবার (২ জুলাই) সকালে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী। জিজ্ঞাসাবাদে ফোরকান জানিয়েছে, চুরি করতে ঢুকে ইয়াবা সেবনের পর সে ঘুমিয়ে পড়েছিল। তার মানিব্যাগে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।
ওসি বলেন, চিহ্নিত চোর ফোরকান বৃহস্পতিবার (১ জুলাই) গভীর রাতে গুদামে ঢুকেছিল চুরির উদ্দেশ্যে। চুরি শেষে সেখানে ঘুমিয়ে পড়লে সকালে গুদামের মালিক মো. আলম গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শুক্রবার (২ জুলাই) সকালে ওই চোরকে কারাগারে পাঠানো হয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner