
এলনিউজ২৪ডটকম: সাতকানিয়ায় পৃথক দূর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্রের পুত্র অনিল রুদ্র (৫০) ও সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি দক্ষিণ পাড়ার মোহাম্মদ আবছারের পুত্র মোহাম্মদ আরাফ (১১)।
জানা যায়, বুধবার (১৮ মার্চ) বিকেলে চরতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী খাল হতে শিশু আরাফের মরদের উদ্ধার করা হয়। একইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী কাটাখালী খালে গোসল করতে যায় আরাফ। হঠাৎ গোসল করার সে সময় হারিয়ে যায়। খবরটি এলাকায় জানাজানি হলে সকলে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিকেলে শিশুটির মৃতদেহটি খালের মধ্যে ভাসমান অবস্থায় খুঁজে পান এলাকাবাসী।

অপরদিকে, একইদিন সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার খালেকের দোকান এলাকায় মডেল মসজিদের দক্ষিণ পাশে যাত্রীবাহী ঈগল পরিবহনের বাসের সাথে সংঘর্ষে অনিল রুদ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় সজিব রুদ্র (৩৮) নামে আরেকজন আহত হয়েছেন। তিনি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া রুদ্র পাড়ার নেপাল রুদ্রের পুত্র।
চরতি ইউনিয়নের সদস্য মোহাম্মদ আলী খালে গোসল করতে গিয়ে আরাফ নামের এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী জানান, বাসের সাথে সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনা কবলিত বাইক ও বাস হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner