
এলনিউজ২৪ডটকম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনের প্রচার-প্রচারণা। ব্যাস্ত সময় কাটাচ্ছে প্রার্থীরা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। প্রার্থীরা দিয়ে যাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চায়ের টেবিল থেকে শুরু করে দোকান-পাট, রাস্তা-ঘাট, হাট-বাজার, ঘর-বাড়ি কোথাও বাদ যাচ্ছে না নির্বাচনী আলাপ-আলোচনা।
উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পয়েন্ট ছাড়া এলাকার প্রধান প্রধান সড়ক পাড়া মহল্লার অলিতে গলিতে পোস্টার লাগানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক আর মোড়ে মোড়ে টানানো হচ্ছে পোস্টার। পাড়া-মহল্লায়ও সাঁটানো হচ্ছে পোস্টার। কিছু গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি রাস্তার ডিভাইডার, বিদ্যুতের খুটি, প্রাতিষ্ঠানিক দফতরের ওয়ালে টানানো হয়েছে ব্যানার। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ভেতরে ও নির্বাচনী কার্যালয়ে ফেস্টুন টানানো হয়েছে। এ যেন নববধূর অপরূপ বর্ণিল সাজে সেজেছে লোহাগাড়া উপজেলা।

এদিকে, প্রতীক পেয়ে আনুষ্টানিকভাবে নির্বাচনী কার্যালয় উদ্বোধন এবং গণসংযোগে নেমেছেন সকল প্রার্থী এবং তাদের সমর্থকেরা। সমর্থকদের হাতে হাতে রয়েছে তাদের পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারণার লিফলেট। লিফলেটগুলো সমর্থকেরা সাধারণ ভোটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।
উল্লেখ্য, লোহাগাড়া উপজেরা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যথাক্রমে খোরশেদ আলম চৌধুরী (নৌকা), জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস) ও এস এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে এম ইব্রাহিম কবির (টিউবওয়েল), মিজানুর রহমান (মাইক), এম এস মামুন (চশমা) ও আরমান বাবু রোমেল (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে কলাউজানের জেসমিন আক্তার (ফুটবল), লোহাগাড়ার জেসমিন আক্তার (কলসী), পারভিন আক্তার (প্রজাপতি) ও শাহিন আক্তার সানা (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৪ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ইউনিয়নে সর্বমোট মোট ১ লাখ ৯০ হাজারের অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner