
নিউজ ডেক্স : বাঁশখালীতে পুকুর থেকে মাটি উত্তোলন নিয়ে বাগবিতণ্ডার জের ধরে চাচার মারধরে ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতের নাম মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩) বলে জানা গেছে।
আজ বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে।

আহতরা হলেন এয়াকুব হোসেন, শাহ আলম ও নুর হোসেন। তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, “সকালে পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা বিরোধ নিয়ে বাগবিতণ্ডার পর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চাচা নুর হোসেনের হামলায় গুরুতর আহত হয় শাহাব উদ্দিন ও তার ভাই শাহ আলম এবং বাবা এয়াকুব হোসেন।”
পুলিশ ঘটনাস্থলে রয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিত দাশ জানান, হাসপাতালে আনার পর শাহাব উদ্দিনের মৃত্যু হয়। তার বাবা ও ভাই চিকিৎসাধীন। শাহাব উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে চাচা নুর হোসেন হাসপাতাল থেকে পালিয়ে গেছে। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner