
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। শিশুর পিতা সাংবাদিকদের কাছে অভিযোগ করছেন তার মেয়ে ভুল চিকিৎসায় মারা গেছে।
নিহত শিশু জন্নাতুল ফেরদৌস মীম (২ মাস) উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ার হেলাল উদ্দিনের মেয়ে।

শিশুর পিতা হেলাল উদ্দিন জানান, তার মেয়ে রাতে কান্না করলে আজ সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রকিবুল হাসান শিশুটিকে ভর্তির নির্দেশ দেন। চিকিৎসকের পরামর্শক্রমে শিশুটিকে ভর্তির পর ডাক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথে শিশু মারা যায়। ডাঃ রাকিবুল হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া যায়নি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ সাংবাদিকদের জানিয়েছেন, হাসপাতালে কোন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। কর্তব্যরত চিকিৎসক সাধ্যমত চিকিৎসাসেবা দিয়েছেন। তবে ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি বলে জানান তিনি।
ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে নিহত শিশুর স্বজনরা জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর স্বজন, পদুয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner