
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় এক পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
আধুনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সমির বড়ুয়া জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ি ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ায়। তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত। কয়েকদিন আগে তিনি কর্মস্থল থেকে বাড়িতে আসেন। তখন বিষয়টি লোহাগাড়া থানাকে অবগত করা হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, খবর পেয়ে গত ৬ মে রাজারবাগ পুলিশ লাইন থেকে আসা ২৬ বছর বয়সী এক পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

তিনি আরো জানান, ঢাকা থেকে আসার পর থেকে তিনি হোম আইসোলেশনে আছেন। বাড়িতে থেকেই তিনি চিকিৎসাসেবা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে । উল্লেখ্য, লোহাগাড়ায় এক সপ্তাহে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner