
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে ৬৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত সাঈদ উদ্দিন (২১) চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দেলোয়ার হোসেনের পুত্র ও চকরিয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া। তিনি জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা পাচারকারী সাঈদ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।
আজ ৯ সেপ্টেম্বর রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner