
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দ্রুতগতির বাইকের ধাক্কায় আবদুল হাফেজ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবদুল হাফেজ উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান বকসু বর পাড়ার মৃত ফৌজুল কবিরের পুত্র।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া স্টেশন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাইক আবদুল হাফেজকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবদুল হাফেজ পেশায় ভিক্ষুক ছিলেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন যুবক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনা তাদেরকে কেউ অবগত করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner