
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চরম্বায় চলাচলের রাস্তায় বাউন্ডারী ওয়াল নির্মাণ করে জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বিবিবিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা নয়া পাড়া জামে মসজিদ থেকে গর্জনতলী পর্যন্ত সড়কটি গ্রামীণ জনগণের একমাত্র চলাচলের পথ। এই সড়ক দিয়ে চরম্বা ছিদ্দিকীয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, জামেউল উলুম দাখিল মাদ্রাসা, চরম্বা উচ্চ বিদ্যালয়, বিবিবিলা দারুল কোরআন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, বিবিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এবং বিবিবিলা নয়া পাড়া জামে মসজিদ, চরম্বা নয়া বাজার, চরম্বা ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে স্থানীয় লোকজন যাতায়াত করেন।

স্থানীয় মোজাহের মিয়া নামে এক ব্যক্তি বিবিবিলা নয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন চলাচলের ২৮ ফুট প্রস্থ রাস্তা থেকে প্রায় ১৩ ফুট জায়গা দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন। এছাড়া ওয়ালের বাহিরে বিভিন্ন প্রজাতির গাছের রোপন করে মানুষ ও যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করে আসছে।
অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অভিযোগ শাখার সহকারী কমিশনার জান্নাতুল ফেরদাউস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে অভিযুক্ত মোজাহের মিয়ার সাথে কথা বলে জানা যায়, বাউন্ডারী ওয়াল নির্মাণের আগে তিনি জানতেন না সেখানে সরকারি রেকর্ডীয় চলাচলের রাস্তা রয়েছে। সরকার যদি চাই স্থাপনা ভেঙে চলাচলের রাস্তা ছেড়ে দেয়া হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বিবিবিলা নয়া পাড়া জামে মসজিদ সংলগ্ন রেকর্ডীয় রাস্তা জবর দখলের স্থান পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner