
নিউজ ডেক্স : বোয়ালখালীতে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে তানজিনাকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে বলে জানায় পরিবার।
শাকপুরা ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার ভোর ৪টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার বলছে সাপে কেটেছে। যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে তাই অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। – বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner