
নিউজ ডেক্স: চন্দনাইশের শঙ্খনদের দোহাজারী পৌরসভা এলাকার চাগাচর এলাকা থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
তার নাম মিনা তালুকদার (৭০)। আজ সোমবার দুপুর ২টার দিকে চাগাচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার জোয়ারের সময় লাশটি ভাটি এলাকা থেকে ভেসে আসে। নদে লাশ ভেসে আসার দৃশ্য দেখে স্থানীয় লোকজন চন্দনাইশ থানায় খবর দেয়। পরে চন্দনাইশ থানার একদল পুলিশ দুপুর ২টার দিকে ভেসে আসা মিনা তালুকদারের লাশ উদ্ধার করে। মিনা তালুকদার উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়াের্ডের মৃত সুখেন্দু তালুকদারের স্ত্রী।
জানা যায়, সুখেন্দু তালুকদার মারা যাওয়ার পর তার স্ত্রী মিনা তালকুদার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরবর্তীতে চিকিৎসার পর তিনি ভালো হন।
সম্প্রতি তিনি আবারও ভারসাম্যহীন হয়ে পড়েন। ঘটনার দিন আজ সোমবার ভোরে ঘর থেকে বের হয়ে যান। পুলিশের ধারণা নদে গোসল করতে নামতে গিয়ে পড়ে গিয়ে ভেসে যান।
চন্দনাইশ থানার এসআই আমজাদ হোসেন জানান, দুপুর ২টার দিকে দোহাজারী চাগাচর এলাকায় শঙ্খনদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরী করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner