
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ব্যারিয়ারের ভেতর ঢুকে চলন্ত ট্রেনে বন্যহাতি ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছলে রেললাইনের দুই পাশে থাকা ব্যারিয়ারের ভেতর থাকা একটি বন্যহাতি চলন্ত ট্রেনে একাধিকবার ধাক্কা দেয়। তবে বন্যহাতিটি আহত হয়েছে কিনা জানা যায়নি। এছাড়া ওই সময় রেললাইনে আরো একাধিক হাতি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রিদওয়ান সাইমুন নামে ট্রেনের এক যাত্রী জানান, চুনতি অভয়ারণ্যে ট্রেন এলিফ্যান্ট ওভারপাস অতিক্রম করার আগে এ ঘটনা ঘটেছে। সামনেও বন্যহাতি দেখতে পেয়ে ট্রেন একেবারে থেমে যায়।ওই সময় ট্রেনে ধাক্কা দেয়া হাতিটি রেলপথ থেকে অনেক দূরে ছিল। তখন ট্রেনের যাত্রীরা বন্যহাতি দেখে চেঁচামেচি করেন। যার ফলে বন্যহাতিটি ট্রেনের কাছে এসে ধাক্কা দিতে থাকে। পরে ট্রেন ধীরগতিতে চলে ঘটনাস্থল ত্যাগ করে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন জানান, অভয়ারণ্য রেঞ্জে অফিসের উত্তর পাশে রেললাইনের উভয় পাশে থাকা ব্যারিয়ারের ভেতর হাতির পায়ের চাপ দেখা গেছে। সেখানে ট্রেনের সাথে বন্যহাতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওভারপাস অতিক্রম করার আগে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা সকালে গিয়ে বন্যহাতির পায়ের চাপ দেখে নিশ্চিত হওয়া যাবে।
Lohagaranews24 Your Trusted News Partner