
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বড়হাতিয়ায় গ্রীলের দরজার তালা কেটে ৩টি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুন) রাত আড়াইটার দিকে ইউনিয়নের উত্তর বড়হাতিয়া ১নং ওয়ার্ডের বণিক পাড়া ও রুদ্র পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সুনিল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বণিক পাড়ার শ্রী শ্রী হাছিরাম সাধু বাবার আশ্রম, শ্রী শ্রী তপোবন কল্পতরু রক্ষা কালী মন্দির ও রুদ্র পাড়ার শ্রী শ্রী সর্ব মঙ্গল কালী মন্দিরে চুরির ঘটনা ঘটনা ঘটেছে।
শ্রী শ্রী সাধু বাবার আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটু ধর জানান, গভীর রাতে চোরের দল গ্রীলের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর ড্রয়ারের তালা ভেঙ্গে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও প্রণামীর বক্স ভেঙ্গে আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া পার্শ্ববর্তী শ্রী শ্রী তপোবন কল্পতরু রক্ষা কালী মন্দিরের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করলেও সেখান থেকে নিয়ে যাবার মতো কিছুই ছিল না বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিটন ধর। অপরদিকে, রুদ্র পাড়ার শ্রী শ্রী সর্ব মঙ্গল কালী মন্দির পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক পুর্নেদু রুদ্র জানান, একই কায়দায় চোরেরা ভেতরে প্রবেশ করে প্রতীমার হাত-গলায় থাকা দেড় ভরি ওজনের চেইন-আন্টি ও মন্দিরের ৩টি প্রণামীর বক্সের তালা ভেঙ্গে আনুমানিক ৩৫ হাজার টাকা নিয়ে গেছে।

এদিকে, খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, মন্দিরে চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner