
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরে টিনের ছাউনী কেটে নেওয়াজ মেডিকোতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্য রাতে বটতলী মোটর ষ্টেশনের স্কুল রোডে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ফার্মেসীর মালিক আবুল মোরশেদ জানান, রাতে ফার্মেসী বন্ধ করে বাড়িতে যান। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ মতে রাত সাড়ে ১২টার দিকে টিনের ছাউনী কেটে ফার্মেসীর ভিতরে প্রবেশ করে। এরপর ক্যাশ বক্সে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। সকালে ফার্মেসীতে ঢুকে টিনের ছাউনী কাটা ও ক্যাশে টাকা দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধারণ হলেও চোরকে এখনো সনাক্ত করা যায়নি।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান জানান, নেওয়াজ মেডিকোতে চুরির ঘটনায় কমিটি বরাবরে লিখিত অভিযোগ করেছেন। চোরকে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিসি ক্যামেরায় ধারণকৃত চোরের সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেন তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner