
নিউজ ডেক্স : রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ২ নম্বর পাথরঘাটা এলাকায় সাতটি দোকান ও অন্তত ৩৭টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে এলাকার একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত মো. ইয়াছিন ও নুরু মিয়া বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাই। কোনো কিছুই সরাতে পারিনি, আমাদের সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। ’ এতে তাদের দুজনের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানায়।
রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ’
তিনি আরো বলেন, আগুনে সাতটি দোকান ও পাঁচজন মালিকের ৩৭টি কাঁচাঘর পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।
Lohagaranews24 Your Trusted News Partner