
নিউজ ডেক্স : সাতকানিয়ায় মাইক্রোর ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম আবুল কাশেম (৫৫)। গতকাল বিকাল সাড়ে ৬ টার দিকে কেরানীহাট–বান্দরবান সড়কের সাতকানিয়ার বড়দুয়ারা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর রামগঞ্জের পূর্ব উদয়ন পাড়ার তারা মিয়া বেপারির পুত্র আবুল কাশেম ও তার বড় ভাই সিরাজুল ইসলাম বিগত ৮–১০ বছর যাবৎ সাতকানিয়ার হলুদিয়া এলাকায় বসবাস করে আসছে। আবুল কাশেম তার বড় ভাই সিরাজুল ইসলামের মালিকানাধীন রাজধানী বেকারির সেলসম্যান হিসাবে কাজ করে। ঘটনার দিন সকালে বিভিন্ন এলাকায় সাইকেল যোগে মালামাল দিয়ে আসে। বিকালে সাইকেল নিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায়ের জন্য যাচ্ছিল। এসময় বড়দুয়ারা ভাঙাব্রিজ এলাকায় কাশেম সাইকেল যোগে গ্রামীণ সড়ক থেকে কেরানীহাট–বান্দরবান সড়কে উঠার সময় বান্দরবান মুখী মাইক্রোবাস (নং–ঢাকামেট্রো–চ–১৫–৪৫২৫) ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কাশেম ঘটনাস্থলে মারা যান। ফলে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী পার্বত্য জেলা বান্দরবানের সুয়ালক ইউনিয়নের কাইচতলী এলাকা থেকে গাড়িটি আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া ঘাতক মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। সাতকানিয়া থানার এসআই ইয়ামিন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Lohagaranews24 Your Trusted News Partner