
নিউজ ডেক্স : স্কুল ছাত্রী তাসফিয়া আমিন ‘হত্যা’ মামলা অন্যতম আসামি মো. মিজানুর রহমান ওরফে আসিফ মিজানকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন। এর আগে তাসফিয়া হত্যায় নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়া নগর গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউসন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’ এর আগে গত ২৩ মে রাতে নগরের পাঁচলাইশ থেকে তাসফিয়া আমিন ‘হত্যা’ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আসিফ মিজানকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। এর দুই দিন পর ২৫ মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২ মে সকালে নগরের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে পাথরের ওপর থেকে সানশাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের (১৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নগরের মুরাদপুর থেকে পুলিশ তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) গ্রেফতার করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner