
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ইছার বর বাড়ি এলাকায় ৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৩ জুলাই বুধবার সন্ধ্যা ৬টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার আবুল ফয়েজের পুত্র মোঃ দেলোয়ার, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, আবদুল করিমের পুত্র নাছির উদ্দিন ও মৃত সোলতান আহমদের পুত্র মাওলানা আবুল ফয়েজ।

মেম্বার শহিদুল ইসলাম জানান, নাছির উদ্দিনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আলমগীর ড্রাইভার জানান, আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে উদ্ধার করি। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সাতাানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner