
এলনিউজ২৪ডটকম : স্বাস্থ্যবিধি মেনে লোহাগাড়ায় মোট ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রোববার (৪ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
তিনি জানান, উপজেলার ৯ ইউনিয়নে ২১৬টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এছাড়া অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। ক্যাম্পেইন চলাকালীন সকল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner