
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪ হাজার ৬শ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ ও ১শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনাইছড়ি এলাকার সাহাব উদ্দিনের পুত্র ওমর সানি (১৯), একই থানার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড হিজলিয়া এলাকার মো. প্যাঠান আলীর পুত্র মো. নুরুল ইসলাম (২৭), একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড টাইপালং এলাকার মো. আমীর আলীর পুত্র মো. কামাল (২৫) ও লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের হাজি পাড়া প্রকাশ কসাই পাড়ার রাজা মিয়ার পুত্র আবুল হাশেম (৪০)।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওমর সানির কাছে ১ হাজার ৫শ পিস, নুরুল ইসলাম ও মো. কালামের কাছে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া বড়হাতিয়ায় আবুল হাশেমের বসতঘরে তল্লাশী করে ১শ পিস ইয়াবা, ১০ লিটার চোলাইমদ ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner