
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৬ হাজার ৮শ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৈতরা এলাকার মো. হারুনুর রশিদের পুত্র মো. হাসান (৩০), কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লান পাড়ার মো. ইউনুছের পুত্র সাইফুল ইসলাম (৩৩), একই থানার কাইয়ুকখালী পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার (২৩) ও উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান মওলা পাড়ার আবদুল মাবুদের পুত্র মোহাম্মদ নোমান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গেইটের সামনে চট্টগ্রাম মুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করে হাসানের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে সাইফুল ইসলাম ও শাহিনা আক্তারের কাছ থেকে ২ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো জুতার ভেতর লুকিয়ে পাচারের উদ্দেশ্যে টেকনাফ থেকে নিয়ে যাচ্ছিল। অপরদিকে, চুনতি ডেপুটি পাড়ায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ নোমানকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner