
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া এলাকায় আজ ২০ আগষ্ট রাত আড়াইটায় আগুনে দু’দোকান ও একটি সিএনজি অটোরিক্সা পুড়ে ছাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক। দোকান দু’টি তিনি নির্মাণ করে ভাড়া দিয়েছেন বলে জানান। আগুনে পুড়ে আনুমানিক ১১ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
ক্ষতিগ্রস্তরা হলেন মুদির দোকানদার ফরিদুল আলম ও সিএনজি অটোরিক্সা মালিক সাহাব উদ্দিন। সিএনজি অটোরিক্সা রাখার জন্য গ্যারেজ হিসেবে ওই দোকানটি ভাড়া নিয়েছিলেন সাহাব উদ্দিন।

ইউপি সদস্য আজিজুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনার ব্যর্থ চেষ্টা করা হয়। তিনি আরো জানান, আগুনে সিএনজি অটোরিক্সার গ্যাস সিলিন্ডার ভাস্ট হবার আতংকে ছিলেন সবাই। এতে কেউ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাছে যেতে পারছিলনা। ফলে আগুনে দোকান দুটি ও সিএনজি অটোরিক্সাটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি। ক্ষতিগ্রস্তরা তাদের উপার্জনের শেষ সম্বল হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। দোকান দুটি টিনের ছাউনি ও পাকা দেওয়াল দিয়ে নির্মিত। আগুনে সিএনজি অটোরিক্সা গ্যাস সিলিন্ডার লিক হওয়ায় পাকা দেওয়ালও ধসে পড়ার আশংকা করছেন ইউপি সদস্য আজিজুল হক।
Lohagaranews24 Your Trusted News Partner