
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে খামারের ৫টি গরু ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে ইউনিয়নের দরবেশহাট দিঘীর দক্ষিণে মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তের নাম আবদুল মান্নান (৫৫)। তিনি ওই এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র। স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তের ছেলে মো. হানিফ জানান, বাড়ি সান্নিহিত ভাড়ায় গাড়ি রাখার তাদের একটি গ্যারেজ রয়েছে। গ্যারেজের অর্ধেক অংশে গাড়ি রাখেন। অন্য অংশে গরুর খামার হিসেবে ব্যবহার করেন। সেখানে তার মা-বাবা রাত্রিযাপন করেন। ঘটনার রাতে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত গাড়ি নিয়ে গ্যারেজে সামনে আসেন। তারপর পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে বের হতে বলেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে খামারের দরজার তালা খুলে। এরপর গরু ৫টি গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এছাড়া তার পিতার কাছে থাকা কিছু নগদ টাকা ও একটি মোবাইলসেটও নিয়ে যায় দুর্বৃত্তরা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, গরু ছিনতাই হওয়ার ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner