
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে সড়ক দূর্ঘটনায় আহতের ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নাছির উদ্দিন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি সাইরার পাড়ার আবু তাহেরের পুত্র। ব্যক্তি জীবনে তিনি ৪ সন্তানের জনক ও পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। রোববার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই শফিকুর রহমান জানান, গত ১০ নভেম্বর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাছির উদ্দিন গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনার পর তার আর জ্ঞান ফিরে আসেনি এবং নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মামুন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে দূর্ঘটনার শিকার হন নাছির উদ্দিন। রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner