
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে দুই বাইক আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ থানার মাইজপাড়ার রাকিব (২৪) ও জিহাদ (২৩)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি ডাম্পট্রাক ওভারটেক করতে গিয়ে একইমুখি বাইকের পেছনে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সাথে ধাক্কা লাগে। যার ফলে বাইকের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যজন। দুমড়ে মুচড়ে গেছে দুর্ঘটনা কবলিত বাইকটি। তারা ঈদগাহ থেকে বাইকযোগে সাজেক যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা ঘাতক ট্রাক চালক মো. আমির উদ্দীন (২৪) ও চালকের সহকারী জয়নাল আবেদিন জোবাইরকে (২০) আটক করেছে। পাশাপাশি ঘাতক পিকআপও জব্দ করেছে তারা।
Lohagaranews24 Your Trusted News Partner