
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পূর্ব তাঁতী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মুমিন একই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নালারকুল মুন্সি পাড়া মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় গুরতর আহত হয়েছে একই এলাকার রহমত উল্লাহর পুত্র মো. মুকিত উদ্দিন (১৭)।

জানা যায়, সন্ধ্যায় তারা দুই বন্ধু পূর্বতাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যান। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়। স্থানীয়রা ছুরিকাঘাতে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশগুপ্তা জানান, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner