
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরের পানিতে ডুবে আশিকুর রহমান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বারেক চৌধুরী পাড়া এলাকায় পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শিশু আশিকুর রহমান একই এলাকার হোসেন আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, শিশু আশিকুর রহমান বাড়ির সামনে উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের সকলের অগোচরে খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরের পানিতে পড়ে যায়। পরে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য এরশাদুজ্জামান এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিশু আশিকুর রহমানের মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner