
নিউজ ডেক্স: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জোরারগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে ২৯টি মামলার আসামি মো. নুর নবী ওরফে রাসেল (৩৬) রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম বড়দেইল এলাকার মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে।
সোমবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন- কুমিল্লার লালমাই উপজেলার লগ্নশ্বর এলাকার কালাম (২৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেলিম (২০)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আহমেদ জানান, জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক অভিযানের কারণে সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।