
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর দক্ষিণ নাছিরা পাড়ার মৃত শফিউল আকবর চৌধুরীর পুত্র ইরফান আকবর চৌধুরী (৪০) ও কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ উত্তর মাইজ্জ্যা পাড়ার কালা মিয়ার পুত্র সিরাজুল হক (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner