
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম জেলায় পর পর তিন বার ‘বেস্ট সার্কেল’ পুরস্কার পেলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ বিষয়ক পর্যালোচনা সভায় এ পুরস্কার গ্রহণ করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম-সেবা’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
জানা যায়, সাতকানিয়া সার্কেলের যোগদানের পর গত সনের নভেম্বর, ডিসেম্বর ও চলতি সনের জানুয়ারি মাসের কাজের আলোকে তাঁকে পর পর তিন বার ‘বেস্ট সার্কেল’ পুরস্কার প্রদান করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, পুরস্কার সবসময় ভালো কাজের স্পৃহা, উৎসাহ ও উদ্দীপনা বাড়িয়ে দেয়। তাঁর এই কৃতিত্বের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা এবং সাতকানিয়া ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জসহ সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জানান।
Lohagaranews24 Your Trusted News Partner