
এলনিউজ২৪ডটকম: চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (৪ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কোট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালংয়ের রুমকি ক্লাস পাড়ার মকবুল আহমদের পুত্র মোহাম্মদ তাহের (২৮) ও একই এলাকার মৃত এয়াকুব আলীর পুত্র নুরুল আবছার প্রকাশ মানিক (২৮)।

পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি দিনগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিনের নিজ এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। পরদিন তিনি বিষয়টি থানায় লিখিতভাবে জানান। এরপর থেকে মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ বিভিন্নভাবে তৎপরতা শুরু করেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই মোটরসাইকেল চোরের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মঙ্গলবার (৫ মার্চ) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner