
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। নিহতের নাম জাহাঙ্গীর রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে এতিম আলী কটেজের একটি কক্ষে তার মরদেহ দেখতে পান এক শিক্ষার্থী। রাজুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর শুনেছি। তবে আত্মহত্যা করেছে কি না আমরা নিশ্চিত নই। ঘটনাস্থলে আছি। উদ্ধারের পর বিস্তারিত বলতে পারবো।

প্রথমে মরদেহ দেখতে পাওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, দুই দিন আগে তার সঙ্গে সামনা-সামনি কথা হয়েছিল। তাকে সেসময় স্বাভাবিকই মনে হয়েছে। পড়াশোনার পর চাকরি নিয়ে টেনশনে ছিল। সকালে রাজুর বাড়ি থেকে ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান। সকাল সাড়ে ৮টায় অনেক ডাকাডাকি করেও রাজুর কোনো সাড়া মেলেনি। পরে ১১টার দিকে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner