
নিউজ ডেক্স : নগরীর বাকলিয়া থানার আফগান মসজিদ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দেলোয়ার হাজির বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতার দুজন হলেন, কক্সবাজারের রামুর দোয়াপালং এলাকার মুস্তাফিজুর রহমানের পুত্র মো. জাহিদ হোসেন ও একই জেলার উখিয়ার দীন মোহাম্মদের পুত্র হাফিজুর রহমান।

চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, ‘গ্রেফতার হওয়া দুজন দেলোয়ার হাজির বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তারা সেখানে ইয়াবা নিয়ে অবস্থান করছে। পরে সেই তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে বাসা থেকে তাদের গ্রেফতার করি। এসময় তাদের বাসায় তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।’
ধারণা করা হচ্ছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ওই বাসায় সংরক্ষণ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এসব ট্যাবলেট বিক্রি করতো। গ্রেফতার দুজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner