
নিউজ ডেক্স : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) নামে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য জীবন উৎসর্গ করেছেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইন্সে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন দলিল উদ্দিন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দিনগত রাতে করোনার সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার নওদা গ্রামে।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ পুলিশের ৬৬ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner