
______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
গাঙে নাইমা কন্যা তুমি
ঢেউয়েরে ডরাও!
কাঁখে তোমার মাটির কলস
জলেতে ভরাও।
গামছা দিয়া বাইন্ধা রাখছো
কন্যা তোমার চুল
উথালপাথাল যৌবন তোমার
বাইন্ধা রাখন ভুল!
নাইতে নাইমা কন্যা তুমি
অন্তরও জ্বালাও
ভিজাদেহে ধরলে আগুন
শরমে পালাও।
বারো হাতের ডুরে শাড়ি
অঙ্গ তোমার ঢাকে
বান ডাইকা জোয়ার আসে
ভরানদীর বাঁকে।
ক্ষেতের আ’লে হাঁটতে গিয়া
পিছন ফিরা চাও
আমার বুকে ঘাই মাইরা
কী সুখ তুমি পাও!
মাটি ধরে জলে কাড়ে
কন্যা তোমার মন
আমি অধম ছুঁলে ওঠে
শতেকও গুঞ্জন!

Lohagaranews24 Your Trusted News Partner